ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ যৌথ কমিশনের সভায় বাংলাদেশে ব্লগার ও প্রকাশক হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ। যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির পাশাপাশি মুক্তবুদ্ধির চর্চাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে তারা। যথাযথ তদন্ত ও দোষীদের ধরতে পদক্ষেপের কথা জানালেও সরকারের প্রতিনিধি দাবি করেছেন, হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন ঘটনা।
বাংলাদেশে সুশাসন উন্নয়ন, মানবাধিকার, গণতন্ত্র, অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ যৌথ কমিশনের ৭ম বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্ব দেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইউগো এস টুটো। ৫ ঘন্টার ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানতে চান সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে।
টুটো জানান, বৈঠকে তারা এই ইস্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন ।
তবে সরকারের প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন, প্রত্যেকটি ঘটনার পর দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে ব্যবস্থা নেয়া হয়েছে।
বৈঠকে গণতান্ত্রিক সুশাসন শক্তিশালী করাসহ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে প্রায় ৬ হাজার কোটি টাকা সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।






