ভিডিও শেয়ারিং ও লাইভ দেখার সামাজিক মাধ্যম ইউটিউব নতুন চমক নিয়ে এসেছে শিশুদের জন্য। ছোট্ট বাচ্চাদের কথা মাথায় রেখে তারা ইউটিউব কিডস অ্যাপ উন্মুক্ত করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
তবে এখনি এই কিডস অ্যাপ দেখার সুযোগ পাবে না এশিয়ার শিশুরা। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শিশুরা এই কিডস অ্যাপসের সুযোগ পাচ্ছে। তবে বেশ কিছুদিন আগে শিশুদের জন্য ইউটিউব কিডস নামে ইউটিউবের নতুন একটি সংস্করণ খোলার ঘোষণা দিয়েছিল ইউটিউব কর্তৃপক্ষ।
নতুন এই অ্যাপের মাধ্যমে শুধু শিশুদের জন্য উপযুক্ত ভিডিওই দেখা যাবে। অ্যাপটি শুধু আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসে চলবে।
শিশুদের ইন্টারনেট কর্মকাণ্ডের ওপর অভিভাবক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করা হচ্ছে। অ্যাপটি তৈরির সময়, এমনকি পাঁচ বছরের ছোট বয়সী শিশুর কথা চিন্তা করা হয়েছে।






