আন্তর্জাতিক

ইউক্রেনের শরণার্থীর চাপ নিতে না পেরে সাহায্যের আহ্বান মলদোভার

শরণার্থীদের জন্য সাহায্য সংগ্রহে অংশগ্রহণকারী মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থীদের জন্য সাহায্য সংগ্রহে অংশগ্রহণকারী মানুষ, যারা ইউক্রেন থেকে পালিয়ে আসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকেই দেশটির বহু শরণার্থী পাশের সীমান্তবর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। মলদোভায়ও একইভাবে আশ্রয় নেওয়া অব্যাহত রেখেছে ইউক্রেনের শরণার্থীরা।

তবে বহুসংখ্যক শরণার্থীর চাপ নিতে না পেরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন মলদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভরেলিতা।

বিবিসি’কে তিনি বলেন, আমাদের দেশে এখন প্রায় ২ লাখ ৭০ হাজারের মত শরণার্থী আশ্রয় নিয়েছেন। তবে ১ লাখেরও বেশি সংখ্যক মানুষ অস্থায়ীভাবে এ দেশে থাকার জন্য বেছে নিয়েছেন। মলদোভার মতো একটি দেশের জন্য এ সংখ্যাটি অনেক বেশি।

তিনি আরও বলেন, ইউক্রেন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মলদোভায় আসছেন এবং মলদোভার সাধারণ মানুষ আগতদের আশ্রয় এবং সেবা দিয়ে সাহায্য করছেন।

কিন্তু যুদ্ধের অর্থনেতিক পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অর্থনৈতিক পরিণতি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ মলেদোভায় আঘাত হেনেছে। তাই আমাদের অবশ্যই আন্তর্জাতিকভাবে সাহায্যের প্রয়োজন।

ইউক্রেন এবং রুমানিয়ার মাঝে চাপা পড়ে থাকা একটি ছোট দেশ মলদোভা। অর্থনৈতিকভাবেও দেশটি ভঙ্গুর। ইউক্রেনের শরণার্থী প্রবেশের কারণে দেশটির মোট জনসংখ্যা ৪ শতাংশ বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয়:মলদোভা রাশিয়া ইউক্রেন সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…