ইউক্রেনে হামলার ১৬ তম দিনে নতুন করে উত্তর-পশ্চিমের শহর লুৎস্কে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে হামলা করেছে রাশিয়া।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে এই শহরগুলোতে বিস্ফোরণ চালায় রাশিয়া। এতে দিনিপ্রো শহরে একজন এবং লুৎস্ক শহরে দুইজন নিহত হয়েছে।
ইউক্রেনের সাংসদ ইননা সোভসুন আজ এক টুইট বার্তায় এ হামলার সত্যতা তুলে ধরে বলেন, ইউক্রেনে আর কোনো ‘নিরাপদ’ শহর নেই।
আমরা আমাদের শিশুদের জীবনের নিয়ে শঙ্কিত, কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না। আমরা আত্মসমর্পণ করতে পারছি না, আবার আমাদের শহর তাদের দখল করতে দিতেও পারছি না।
তাই আমাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে তা যতই ভয়ঙ্কর হোক না কেন।
সোভসুন জানান, পশ্চিমাদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা পুতিনের আক্রমণ বন্ধ করার জন্য যথেষ্ট বলে তিনি বিশ্বাস করেন না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লুৎস্ক এবং ইভানো ফ্রাঙ্কিভস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাদের দূরপাল্লার হামলা ইউক্রেনের পশ্চিমের শহরগুলির দুটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে।
ইভানো-ফ্রাঙ্কিভস্কের মেয়র তার শহরে রাশিয়ার বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি একটি ফেসবুক বার্তায় লিখেন, শত্রুরা ফ্রাঙ্কিভস্কে আঘাত করেছে।
তিনি এলাকার নাগরিকদের বিস্ফোরণের কোনো ছবি এবং ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ জানান এবং ক্রাইখিভতসি, চুকালিভকা, ওপ্রিশিভিস, গোরোডোক শহরের নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেন, আপনার নিরাপত্তার জন্য বাড়িতে থাকুন, বিপদ কেটে গেলে আমি আপনাদের জানাব।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে বেশ কয়েকটি শহর এবং দুটি পারমাণবিক কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া।








