ইউক্রেনে সামরিক অভিযানের সপ্তম দিনে তুমুল লড়াইয়ের পর দেশটির খারসন শহর দখল করে নিয়েছে রাশিয়ান সৈন্যরা।
স্থানীয় কাউন্সিলের বরাতে বিবিসি জানায়, খারসন শহরের এই হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
শহরটির মেয়র সরকার এবং সাহায্যকারী সংস্থার কাছে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছে।
আজ স্থানীয় সময় বুধবার সকালে আড়াই লাখ মানুষের এই শহরটি দখলে নেয় রাশিয়া।
ইউক্রেনের উত্তর-পশ্চিমে জাইটোমির শহরেও চলছে রাশিয়ান সৈন্যদের হামলা। শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনগুলিতে আগুন মোকাবেলা করছে জরুরি সংস্থার কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, জাইটোমিতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।
আজ বুধবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের সপ্তম দিন চলছে। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।







