কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি বলছে, এই সিদ্ধান্তে মহামারী দীর্ঘাতি হবে। মানবিক মূল্যবোধ কমে যাবে। বৈষম্য বাড়বে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর গতি হবে।
বিবিসি জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় ইউরোপের দেশগুলোতে ডিসেম্বর থেকে চলছে ভ্যাকসিন কর্মসূচি। ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে সেখানে।
তবে সম্প্রতি উৎপাদন কমে যাওয়ার কথা বলে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা ইউরোপে তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে না বলে জানিয়েছে। ফলে ইউরোপের দেশগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে নিতে বিঘ্নিত ঘটনার কথা বলে সদস্যদেশগুলোতে উৎপাদিত ভ্যাকসিন রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়।
কিন্তু এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-প্রধান মারিঅ্যাঞ্জেলা সিমাও।
এর আগে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করা হলে মহামারির অবসান হতে আরও দীর্ঘসময় লেগে যেতে পারে।
তিনি বলেন, ভ্যাকসিনের মজুদ করা হলে মহামারি চলতে থাকবে। বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতিও ধীর হয়ে পড়বে। সেই সঙ্গে মানবিক মূল্যবোধের বিপর্যয় বাড়তে থাকায় বৈষম্যও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।







