ক্যারিয়ারের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট পাওয়ার স্মৃতি মিরাজের কাছে বিশেষ কিছু। দুই বছর বাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ১২ উইকেট তরুণ এ অফস্পিনারের কাছে ‘কম না’ হলেও শুরুর প্রাপ্তিকেই তিনি এগিয়ে রাখছেন।
২০১৬ সালে ইংলিশদের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মিরাজের। প্রথম ম্যাচে ৭ উইকেট পাওয়ার পর দ্বিতীয় টেস্টে নেন ১২ উইকেট। বাংলাদেশ ১০৮ রানে ঐতিহাসিক জয় পায়। মিরাজ মনে করেন সেই ঘটনা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
‘দুইটা কিন্তু ভালো হয়েছে। কিন্তু প্রথমটা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই ওইটা এগিয়ে থাকবে। যদিও এটা কম না।’
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হারাতে মিরাজ ৩ উইকেট নেন। দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে ইনিংস ব্যবধানে হারান অতিথিদের। মিরাজ বললেন, ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করে সাফল্য পেয়েছেন।
‘ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি। এইজন্য উইকেট পেয়েছি। যদি ভালো জায়গায় বল না করতাম তাহলে উইকেট পেতাম না, রানও হয়ে যেত।’
দুই টেস্টে হেটমায়ারকে চারবার আউট করেছেন মিরাজ। ক্যারিবীয় এ মারকুটে ব্যাটসম্যানের বিপক্ষে সফল হওয়ার কারণও জানালেন।
‘ওর সঙ্গে আমি অনেক দিন খেলেছি। দুইটা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও খেললাম। ওর সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই পরিকল্পনা করা সহজ হয়েছে।’







