সব প্রস্তুতি শেষ, আগামীকাল ২২ মার্চ অনুষ্ঠিত হবে ৭২১ টি ইউনিয়ন পরিষদে প্রথম দফা নির্বাচন। ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও জনপ্রিয়তা যাচাইয়ে ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগের নৌকা আর বিএনপি’র ধানের শীষে। নির্বাচনকে সুষ্ঠু করতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের আগের দিন সহিংসতায় বান্দরবানে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলায় রেহাই পায়নি নারী ও শিশুসহ ২৫ জন।
ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭শ ২১টিতে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ৪ টা পযর্ন্ত হবে ভোটগ্রহণ। গত মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা থেমে গেলেও থামেনি সহিংসতা। রোববার সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে নেমেছে র্যাব বিজিবি আর কোস্টগার্ড। এরই মধ্যে নির্বাচনের একদিন আগেও বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নে জেএসএস সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শান্তি ত্রিপুরাকে অপহরণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পটুয়াখালীর গলাচিপা থানার চরবিশ্বাস ইউনিয়নে মধ্যরাতে হামলা চালানো হয় স্বতন্ত্র প্রার্থী জাহিদুলের বাড়ীতে। সিরাজগঞ্জের রায়গঞ্জ ইউপি নির্বাচনে ইউপি সদস্য আবু হাসেমের বাড়িতে হামলা হয়েছে।
তারপরও নির্বাচনকে সুষ্ঠু করতে শত চেষ্টা করছে নির্বাচন কমিশন। প্রথম দফা ইউপি নির্বাচনে মোট প্রার্থী ৩৬ হাজার ৬শ ৪০ জন। চেয়ারম্যান প্রার্থী ৩ হাজার ৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫ হাজার ২শ ৮৫ এবং মহিলা সংরক্ষিত পদে প্রার্থী ৭ হাজার ৬শ ১৭ ।
নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ৭ শ ৩৩ জন, বিএনপির ৬শ ১৬ এবং স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২শ ৪৬ জন। ইতিমেধ্যে বরিশাল অঞ্চলেই নির্বাচনী সহিংসতায় মারা গেছে ৭ জন। যদিও ইসি বলছে নির্বাচনে অনিয়ম হলে ছাড় দেয়া হবেনা।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাস্ত করবো না।
এবার প্রথম দফা ইউপি নির্বাচনে ভোট দিবে ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭শ ৪১ জন ভোটার। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকছে আইন শৃংঙ্খলা বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য। ইসি বলছে কোনো শংঙ্কা নয় উৎসব নিয়ে ভোটাররা আসুক ভোট কেন্দ্রে। মো. শাহনেওয়াজ আরো বলেন, কোনোভাবেই সন্ত্রাসী কাজ বরদাস্ত করা হবে না। আপনারা সবাই নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যান। আমরা আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারীবাহিনীকে নির্দেশ দিয়েছি। তারপরও কোনো সমস্যা হলে নির্বিঘ্নে আমাদের জানাবেন।
দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৩১ মার্চ ৭শ ১০টি ইউনিয়ন পরিষদে।






