মুক্তি প্রতীক্ষিত ‘আন্ধাধুন’ ছবিতে একজন অন্ধ পিয়ানো বাদকের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সম্প্রতি ছবিটির ট্রেলারে তার লুক দেখে মুগ্ধ সবাই। আর এরমধ্যেই এবার শোনা গেল, ভারতের জনসংখ্যা কমানোর দায়িত্ব পেলেন এই অভিনেতা!
না, সরকারি ভাবে ভারতের জনসংখ্যা কমানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হননি। মূলত এটি তার অভিনীত একটি ছবির কাহিনি। ছবির নাম ‘বাধাই হো’। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে সেই ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন অমিত শর্মা।
‘বাধাই হো’ ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এছাড়াও আরো অভিনয় করছেন গরাজ রাও এবং নীনা গুপ্তা। ছবির কাহিনি বেশ অদ্ভূত। আয়ুষ্মানের মা নীনা গুপ্তা বয়সকালে গর্ভধারণ করেন। যার প্রভাব পড়ে তার নিজের জীবনে।
বুড়ো বয়সী মায়ের গর্ভধারনে নানা ধরনের ক্রাইসিসের মুখোমুখি হতে হয় তাকে। কমেডি ধাঁচের ছবিটি ভারতের জনসংখ্যা কমানোর জন্য সচেতনতা তৈরী করতে নির্মিত হয়েছে বলে জানা গেছে।
আগামি ১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘বাধাই হো’।








