‘আয়নাবাজি’র পর দুই চৌধুরীর ‘মুন্সিগিরি’

দুই চৌধুরী হাস্যোজ্জ্বল, একজনের মাথায় লাল টুপি, অন্যজনের চোখে চশমা, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়েই বাজিমাত করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যে সিনেমায় এই নির্মাতা ভরসা রাখেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর উপর। সিনেমায় এই চৌধুরী জুটি কতোটা সফল ছিলো তা দর্শকমাত্রই জানেন!
‘আয়নাবাজি’র এই নির্মাতা-অভিনেতা জুটি এবার আসতে চলেছেন ওটিটি প্লাটফর্ম চরকিতে!
চরকি আগেই জানিয়েছে, তাদের প্লাটফর্ম থেকে ‘মুন্সিগিরি’ নামে ওরিজিনাল ওয়েব ফিল্ম নির্মাণ করছেন অমিতাভ রেজা। তখনই জানা যায়, সিনেমার মতো অমিতাভ রেজার প্রথম ওয়েব ফিল্মেরও কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরী। আর এবার প্রকাশিত হলো সেই প্রতীক্ষিত সিনেমার প্রথম পোস্টার!
বুধবার সন্ধ্যায় চরকি থেকে অমিতাভ-চঞ্চলের আসন্ন ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’র পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে শুধু চঞ্চলকেই দেখা যায়। তবে পোস্টারে সিনেমার নাম নিয়ে কিছুটা দ্বন্দ্বে সাধারণ দর্শক। কারণ পোস্টারে লেখা শিবব্রত বর্মন এর উপন্যাস অবলম্বনে ‘মুন্সিগিরি’। ঠিক এর নিচে বড় বড় অক্ষরে লেখা ‘মৃতেরাও কথা বলে’।
বহু দর্শক প্রশ্ন রাখছেন, আসলে সিনেমার নাম কী, ‘মুন্সিগিরি’ নাকি ‘মৃতেরাও কথা বলে’? এমন প্রশ্নই রাখা হয় নির্মাতা অমিতাভ রেজার কাছে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এটা একটা কনফিউসন তৈরী হয়েছে। এটা আমাদেরই ভুল। আসলে ওয়েব ফিল্মটির নাম ‘মুন্সিগিরি’, আর এটা শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ অবলম্বনে। এটা পোস্টারে ঠিক ভাবে বোঝানো যায়নি বলে অনেকের মধ্যে দ্বন্দ্বের তৈরী হচ্ছে।
পরিচালক জানান, পোস্টারে এই কনফিউসন দূর করে আবার আপলোড করা হবে শিগগির। ‘মুন্সিগিরি’র মুক্তি নিয়ে জানতে চাইলে অমিতাভ জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। এটার স্ট্রিমিং তারিখ চরকি ঘোষণা করবে।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে সেসময় জানানো হয়েছিলো, ‘মুন্সিগিরি’ সিনেমার প্রথম খণ্ডে এক সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্ত করবেন মাসুদ মুন্সি নামের পুলিশের একজন গোয়েন্দা। এই চরিত্রে থাকছেন চঞ্চল।






