বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়া তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, বীর মুক্তিযোদ্ধা শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তার প্রয়াণে শিল্প ও সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ভোর সোয়া ৪টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর।
২০১৮ সালের মাঝামাঝি বুলবুলের হার্টে আটটি ব্লক ধরা পড়ে। ওই সময় তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।







