আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি ইন্সপেক্টর গোলাম রব্বানী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন।
এর আগে ওই মামলা দায়েরের অনুমোদন দেয় সরকার।
ইসরাইলী লিকুদ পার্টির নেতা এবং সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেখা হয়েছিল ভারতে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ হলে গণমাধ্যমে খবর আসে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন আসলাম চৌধুরী। ওই বৈঠকটি ছিলো সরকার উৎখাতের ষড়যন্ত্র, এমন অভিযোগে তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে ডিবি।
গত ১৫ মে তাকে গ্রেফতার করা হয়। ১৬ মে আদালত আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এই বিএনপি নেতা সরকারের পতন ঘটাতে মোসাদের সঙ্গে আর্থিক চুক্তির কথা স্বীকার করেছেন বলে জানায় ডিবি।






