মেটজের বিপক্ষে বড় জয়ে প্যারিসে নিজের প্রথম মৌসুম শেষ করেছেন লিওনেল মেসি। ম্যাচশেষে সতীর্থদের সাথে মেতেছেন শিরোপা জয়ের উৎসবে। রোববার ইনস্টাগ্রামে উদযাপনের ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। শিরোনামে বেশকিছু বিষয় নিয়ে লিখেছেন ৩৪ বর্ষী ফরোয়ার্ড।
পিএসজি জার্সিতে প্রথম মৌসুম খুব একটা ভালো কাটেনি মেসির। আসছে মৌসুমটা নিজের করে নিতে চান বলে জানিয়েছেন।
‘এই বছরটা সবদিক থেকেই আলাদা। কিন্তু দিনশেষে লিগ শিরোপা জেতাটা আনন্দের। প্যারিসে এটা আমার প্রথম অর্জন। পরের মৌসুমটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবগুলো সুযোগই লুফে নেয়ার চেষ্টা থাকবে। নিশ্চিতভাবে ভালো কিছুই হতে চলেছে।’
শিরোপা জয়ের আনন্দের দিনে আক্ষেপের কথাও বলেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে হারের ক্ষত এখনও মেটাতে পারেননি।
‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছি না। ওই ম্যাচে আমরা বেশি ভালো দল ছিলাম। তবে নিজের ঝুলিতে আরেকটি শিরোপা যোগ করার আনন্দটাও কম নয়।’







