হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে যান।
আহমদ শফী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকায় তাদের মধ্যে কোন কথা হয়নি। তবে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
অসুস্থ হওয়ার পর গত মঙ্গলবার আল্লামা শফীকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে আট সদস্যের মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।
বুধবার মেডিকেল টিম জানায়, হেফাজত আমির শারীরিকভাবে দ্রুত স্বাভাবিক অবস্থায় দিকে যাচ্ছেন। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আমরা জোর আশাবাদী।
বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও দাবি করেছেন এই মেডিকেল টিম।
বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের ৮ সদস্যের মেডিকেল বোর্ডের অপর সদস্যরা হলেন, অভ্যন্তরীণ মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. এআরএম নূরুজ্জামান, নেফ্রোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল ইসলাম, কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. এমএ জুলকিফল, আভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. সরোয়ার-ই-আলম, হৃদরোগ (ইন্টারভেনশনাল) বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মিজানুর রহমনা, শ্বাসরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফ মোজতবা মাহমুদ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল হুদা বিপ্লব।
এর আগে শারীরিক দুর্বলতা অনুভব করায় গত ১৮ মে আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার রক্তচাপ বার বার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা যাওয়ায় ২১ মে থেকে আইসিইউতে রাখা হয়।
এরপর গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য আল্লামা শফীকে ঢাকায় স্থানান্তর করা হয়।




