যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে জরুরি চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে প্রতিদিন তিন ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই যুদ্ধ বিরতি কার্যকর হবে।
এই তিন ঘণ্টা রাশিয়া সব ধরণের সামরিক কর্মকাণ্ড এবং স্থল ও বিমান হামলা বন্ধ রাখবে বলে রাশিয়ার রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তবে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে এত অল্প সময় পর্যাপ্ত নয় দাবি করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংগঠনের পক্ষ থেকে কমপক্ষে ৪৮ ঘণ্টার যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে জরুরি চিকিৎসা সামগ্রীর আবেদন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি পাঠিয়েছেন স্থানীয় ২৯ চিকিৎসক। শিগগিরই চিকিৎসা সামগ্রী পৌঁছানো না হলে যুদ্ধাহত অনেককেই বাঁচিয়ে রাখা কঠিন হবে জানান তারা।
চিঠিতে ওই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, চিকিৎসা কেন্দ্রগুলোতে এখন যে হারে হামলা হচ্ছে সেভাবেই যদি চলতে থাকে তবে আগামী এক মাসের মধ্যে শহরটিতে আর একটিও চিকিৎসা কেন্দ্র অবশিষ্ট থাকবে না।
গত এক মাসেই সিরিয়া জুড়ে চিকিৎসা সেবাকেন্দ্রগুলোতে ৪২টি হামলা হয়েছে বলে জানান তারা। এগুলোর মধ্যে ১৫টি হাসপাতালে চিঠি প্রেরকরা নিজেরাই কাজ করেছেন।







