সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাণিজ্য শহর আলেপ্পোর ৮৫ শতাংশ সিরীয় সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে রুশ সামরিক কর্তৃপক্ষ। তবে যুদ্ধ এখানেই শেষ নয় বলে সতর্ক করেছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দি মিসতুরা।
বিবিসি রেডিও ৪-কে তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক গঠন সম্পর্কে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন।
আলেপ্পো পরিস্থিতি নিয়ে শনিবার কোনো এক সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের জেনেভায় বৈঠক করার কথা রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা ল্যাফটেন্যান্ট জেনারেল সের্গেই রুডস্কি সাংবাদিকদের বলেন, রুশ বিমান বাহিনীর সহায়তা ছাড়াই সিরিয়ার গোলন্দাজ বাহিনী পূর্ব আলেপ্পোর অধিকাংশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ৪ হাজার শিশুসহ ১০ হাজার অধিবাসী সরকার নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিয়েছে। কমপক্ষে ১ হাজার বিদ্রোহী আত্মসমর্পণ করার পর ৯৫৩ জনকে সাধারণ ক্ষমা প্রদর্শনও করা হয়েছে বলে রুডস্কি জানান।
রুশ বাহিনী উদ্ধারকৃত এলাকায় মাইন, বিস্ফোরক অপসারণসহ শরণার্থীদের খাদ্য, ঔষধ ও ত্রাণ সহায়তা দিয়ে সিরীয় সরকারকে সাহায্য করছে বলে দাবি করেছেন রুডস্কি।







