আর্সেনালের হয়ে শেষ মৌসুমটা রাঙিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল আর্সেন ওয়েঙ্গারের সামনে। কিন্তু সেই মিশনেও ব্যর্থ গানারদের ৬৮ বছর বয়সী কোচ। ইউরোপা লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হারিয়েছে তার দল।
বৃহস্পতিবার রাতে ডিয়েগো কস্তার একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে সেমি থেকেই বাদ আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ডিয়েগো সিমিওনের দল। যদিও প্রথম লেগে লাল কার্ড দেখায় ডাগআউটে ছিলেন না অ্যাটলেটিকো কোচ। প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছিল স্প্যানিশ দলটি।
আর্সেনাল এদিন পাশে পায়নি ভাগ্যকেও। ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিটের মধ্যেই চোটে পড়ে মাঠ ছাড়েন গানার অধিনায়ক লরেন্তে কসিলিয়েনি। ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়ল এ ডিফেন্ডারের। আর ম্যাচের ৪৫ মিনিটে কস্তার সেই গোলে ম্যাচও খুইয়েছে ওয়েঙ্গার শিষ্যরা।
বিদায়কালে তাই একটি অতৃপ্তি থাকছেই ওয়েঙ্গারের, গানারদের হয়ে কখনোই যে ইউরোপিয়ান শিরোপা জেতা হল না।
১৭মের ফাইনালে অ্যাটলেটিকো প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মার্শেইকে। জার্মান দল সলযবুর্গের কাছে ২-১ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কেটেছে ফরাসি ক্লাবটি।








