গতবারের কোপা আমেরিকায় টাইব্রেকারে চিলির কাছে হেরে শিরোপা স্বাদ থেকে বঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা, এবারের কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত কোপার বিশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
ইনজুরি কাটিয়ে উঠলেও একাদশে ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি, তবে হিগুয়েন ডি মারিয়া আর বানেগারা বুঝতেই দেননি মেসির মাঠে না থাকার অভাব। তবে ডাাগ আউটে বসে সতীর্থদের খেলা উপভোগ করেছেন মেসি। যদিও প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি আকাশী নীল জার্সি ধারীরা। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন চিলি মাঝে মাঝেই পাল্টা আক্রমণ করে পরীক্ষায় ফেলেছে আর্জেন্টাইন রক্ষণ।
তবে দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলে আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে বানেগার পাস থেকে চমৎকার গোলে দলকে এগিয়ে নেন আঞ্জেলো ডি মারিয়া। লিড পেয়ে আরও আক্রমণাত্মক জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৯ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা।এবারো মারিয়া আর বানেগার দারুন বোঝাপড়া। শুধু গোলদাতা মারিয়ার জায়গায় বানেগা।
পরবর্তী সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে রেখে চিলির রক্ষণে আক্রমণ শানালেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
উল্টো ৮৫ মিনিটে আগুয়েরার ক্রস থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করে রোহো।
খেলার নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে ফানজালিডার গোলে এক গোল শোধ করলেও পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়ে চিলিয়ানরা।








