পেরুর বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ‘ড্র’ করে এক পা খাদের কিনারায় চলে গেছে আর্জেন্টিনার। তাহলে কী ২০১৮ বিশ্বকাপে দেখা যাবে না গত বিশ্বকাপের রানার্সআপদের? এমন প্রশ্নের উত্তর একগাদা জটিল সমীকরণের ওপর নির্ভর করছে।
২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে হবে ইকুয়েডরের কিটোতে। এই ম্যাচটি জিততেই হবে মেসিদের। সঙ্গে অন্য ম্যাচেও চোখ রাখতে হবে।
নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে কলম্বিয়া। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন থেকে তারা নেমে এসেছে চারে। নিজেদের শেষ ম্যাচে টেবিলের পাঁচে থাকা পেরুর মাঠে খেলতে হবে কলম্বিয়াকে। এই দুই দলের ড্র কিংবা জয়-পরাজয় কপাল খুলে দিতে পারে মেসিদের। কলম্বিয়ার বিপক্ষে পেরু হেরে গেলে আর ইকুয়েডরের বিপক্ষে যদি ড্র পায় আর্জেন্টিনা তাহলে সুযোগ থাকবে পাঁচে থেকে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দল নিউ জিল্যান্ডের সঙ্গে প্লে-অফ খেলার। তবে সেক্ষেত্রে ভেনিজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে হারতে কিংবা ‘ড্র’ করতে হবে প্যারাগুয়েকে। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে দলটি।
শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চিলি। তাদের জন্য খানিকটা দুঃসংবাদ, শেষ ম্যাচটা ব্রাজিলের বিপক্ষে। সেটিও আবার ব্রাজিলের মাঠে। ১০ অক্টোবর যদি সেলেসাওদের বিপক্ষে হেরেই বসে চিলি আর ইকুয়েডরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা, তাহলে মেসিদের পয়েন্ট হবে ২৮। তাহলে সুযোগ থাকবে সেরা চারে থেকেই রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটা।
এখন আর্জেন্টিনার সামনে একটাই সহজ উপায়। সেটা হল ইকুয়েডরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা। এই জয়ে খুলে যেতে পারে অনেক সমীকরণের জট। আর ড্র কিংবা হার মানে মেসিকে ছাড়াই আগামী বিশ্বকাপ দেখতে হবে দর্শকদের।







