যুব ফুটবলে ঐতিহাসিক একটি দিন পার করল ভারত। অনূর্ধ্ব-২০ ফুটবলের কোটিফ কাপে আর্জেন্টিনার বিপক্ষে অনেকটা সময় ১০ জনের দল নিয়ে খেলেও ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। অনূর্ধ্ব-১৬ ফুটবলেও এসেছে চমক। ডব্লিউএএফএফ বয়েজ চ্যাম্পিয়নশিপে তারা ইরাককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে।
অনূর্ধ্ব-২০ ফুটবলে আর্জেন্টিনা বেশ শক্তিশালী দল। তারা ছয়বারের চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, এই দলটির কোচ সদ্য মেসিদের দায়িত্ব নেয়া লিওনেল স্ক্যালোনি।
ভারত এগিয়ে যায় ম্যাচের চতুর্থ মিনিটে। দীপক টাঙ্গারি গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান আনোয়ার আলী।
এই টুর্নামেন্টে আগের দুই ম্যাচেই হেরেছিল ভারত।
ভারত দশজনের দলে পরিণত হয় ৫০ মিনিটে। বাজে ফাউলের কারণে যাদব লালকার্ড দেখেন।
৭২তম মিনিটে একটি গোল শোধ দেয় আর্জেন্টিনা। পরে সমতা সূচক গোলের দেখা আর পায়নি দলটি।








