আর্জেন্টিনাকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল। দুদিন আগেই শোনা গিয়েছিল এমন কথা। সেটিও এক ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী সাবেকের মুখে। কিন্তু এর উল্টো পিঠ দেখতেও বেশি সময় নিতে হল না বিশ্বকে। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব ফুটবলে খুব কমই আছে। সেই রেশ ধরেই বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ভোগান্তি পুরোপুরি উপভোগ করছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থকেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাঁদাতে এবার চিলির বিপক্ষে হারতেও রাজি তারা!
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা যদি জেতে তাহলে বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য আলবিসেলেস্তাদের ভালো সুযোগই থাকবে। কিন্তু আর্জেন্টিনার কাজটা কঠিন হয়ে যাবে যদি ব্রাজিলের বিপক্ষে চিলি জেতে। আর্জেন্টাইনদের দুঃখ বাড়াতে ঠিক এই সুযোগটাই প্রত্যাশা করছেন ব্রাজিলিয়ান সমর্থকরা।
ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আগেই। তাই সাওপাওলো ম্যাচে চিলির কাছে হারলেও কোন ক্ষতি নেই সেলেসাওদের। এই সুযোগে আর্জেন্টিনার বিপক্ষে গত বিশ্বকাপের একটা প্রতিশোধও নিতে চায় ব্রাজিলিয়ানরা।
ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর ব্রাজিল সমর্থকরা যখন কাঁদছিল, তখন উচ্ছ্বাস করেছিল আর্জেন্টাইনরা। সে কথা স্মরণ করিয়ে এরইমধ্যে ক্যাম্পেইন শুরু করেছে ব্রাজিল সমর্থকরা।
পর্তুগিজ ভাষায় একটা হ্যাসট্যাগও চালু করেছে ব্রাজিলিয়ান সমর্থকরা। যাতে লেখা ‘ইনট্রিগাব্রাজিল এবং ইনট্রিগাপ্রোচিলি’। যার অর্থ চিলিকে জয়ের অনুমতি দেওয়া হচ্ছে।







