ক্যান্সার জয় করে নতুন জীবন পাওয়া যুবরাজ সিং তার ক্রিকেটীয় জীবনের এখানেই শেষ দেখছেন না। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার আরেকবার জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন।
বুধবার এক অনুষ্ঠান শেষে ৩৬ বছর বয়সী যুবরাজ বলেন, ‘এখনো দুই-তিনটি আইপিএল খেলতে চাই। আরেকবার ফিরতে চাই জাতীয় দলে।’
তিন বছরের বেশি বিরতি দিয়ে ২০১৭ সালে জাতীয় দলে ফিরে আসেন যুবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সব মিলিয়ে ১১টি ম্যাচ খেলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাদ পড়েন। সেই থেকে আর ফিরতে পারেননি। এখন আইপিএলই তার একমাত্র ভরসা। খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
‘যাওয়ার সময় হলেই আমি চলে যাব; যখন মনে করব আমি আমার সেরাটা দিয়ে ফেলেছি। এখনো উপভোগ করছি বলেই খেলে যাচ্ছি।’ স্পোর্টসস্টারকে বলেন যুবরাজ।
মৃত্যুর দুয়ার থেকে যিনি ফিরে এসেছেন, তার কাছে পৃথিবী নামক এই গ্রহের ক্রিকেট মাঠে ফেরার লড়াই তুচ্ছ হওয়ার কথা। যুবরাজ সেটা নিজে থেকে বললেনও, ‘কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি যোদ্ধা হয়েছি। মানুষের কাছে শক্তির উৎস হতে চাই। যারা শুধু ক্যান্সার নয়, জীবনের আরও ভোগান্তি থেকে ঘুরে দাঁড়াতে চায় আমি তাদের প্রেরণা। এমন একজন হিসেবে পরিচিত হতে চাই, যে কখনো হাল ছেড়ে দেয়নি।’








