‘স্টার সিনেপ্লেক্সের মতো আরও ১০টি সিনেপ্লেক্স দেন, বাংলাদেশের সিনেমা বদলে দেবো।’- চ্যালেঞ্জ ছুঁড়ে কথাটি বলেছেন গত বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর নির্মাতা দীপঙ্কর দীপন।
গতকাল (সোমবার) রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের ১৪তম বর্ষপূর্তিতে তিনি এ কথা বলেন।
বর্ষপূর্তিতে পুরস্কার নেয়ার সময় মঞ্চে দাঁড়িয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘সরকার ও সংশিষ্ট মন্ত্রীদের বলতে চাই, নির্মাতাদের কথা ভেবে আমাদের জন্য এই সিনেপ্লেক্সগুলো দেন।’
ঢাকা অ্যাটাকের স্মৃতি চারণ করে দীপঙ্কর দীপন বলেন, সিনেপ্লেক্সে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভাই ‘ঢাকা অ্যাটাক’ দেখতে দেখতে আমাকে একদিন ফোন করেন। আগেই বলে রাখি, উনি আমাকে এ জীবনে খুম কম ফোন করেছেন। উনি ফোন করে আমাকে বললেন, দীপন তোর ছবি দেখছি। মনে করেছিলাম শিমুলকে (শিমুল ইউসুফ) রেখে আমি চলে যাবো। কিন্তু কিছুক্ষণ দেখে আমি আর বের হতে পারছি না। আমাকে ছবিটা ধরে ফেলেছে। তার কথা শুনে আমার সেদিন মনে হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ বানিয়ে আমি সবচেয়ে বড় পুরস্কার পেয়েছি।’
মাল্টিপ্লেক্সের গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে দীপঙ্কর দীপন আরো বলেন, বাংলাদেশে রয়েছে অনেক মেধাবী , স্মার্ট নির্মাতা- যারা সিনেমা লগ্নি করা টাকা ফেরত পাবার ক্ষেত্রে অন্তরায় গুলোর কারণে সিনেমা নির্মাণ করতে পারছেন না। আরো দশটি মাল্টিপ্লেক্স পেলে টাকা ফেরত দেবার নিশ্চয়তা দিয়েই সিনেমা বানাতে পারবেন।
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় সিনে থিয়েটার ‘স্টার সিনেপ্লেক্স’। সে হিসেবে গতকাল (৮ অক্টোবর) পূর্ণ হলো ১৪ বছর। দীর্ঘ এই বছরগুলোতে হলিউডের ছবির পাশাপাশি দেশের ছবিও প্রদর্শন করে সিনেমা হলটি দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে। প্রদর্শিত ছবিগুলোর মধ্যে সিনেপ্লেক্সে ব্যবসা সফল, এমন ছবিগুলোকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পাওয়া ছবিগুলোর একটি নির্মাতা দীপনের ‘ঢাকা অ্যাটাক’।
ওই পুরস্কার নেয়ার সময় নির্মাতা দীপঙ্কর দীপন যখন মঞ্চে ওঠেন তখন সেখানে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যে শাকিব খান বলেন, ‘ঢাকা অ্যাটাক’ যখন ভালো চলছিল তখন আমি কলকাতায় ছিলাম। এসভিএফের অফিসে আমার কাছে এ দেশের ছবির কথা জানতে চাইলে বলেছিলাম, আমাদের ওখানে ‘ঢাকা অ্যাটাক’ ভালো চলছে। কলকাতায় চললেও ভালো চলবে।
শাকিব খান আরও বলেন, দীপঙ্কর দীপনের সঙ্গে কাজের কথা চলছে। ইনশাল্লাহ, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করবো।
‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও সিনেপ্লেক্সে ব্যবসায়িকভাবে সফল ও দর্শকপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে পুরস্কার পেয়েছে মোল্লা বাড়ির বৌ, দারুচিনি দ্বীপ, মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, গেরিলা, চোরাবালি, প্রজাপতি, জিরো ডিগ্রী, হৃদয়ের কথা, চন্দ্রগ্রহণ, আয়নাবাজি, শিকারী ও ভুবন মাঝি।







