রোজা এবং ঈদ বিরতির পর আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ছয় পর্বের ধারবাহিক ‘অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট’ শিরোনামের নাটকে তিনি অভিনয় করছেন। প্রথমবার কমেডি ভিত্তিক নাটকে অভিনয় করা, বর্তমান কাজ এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনার কথা চ্যানেল আই অনলাইনকে জানালেন সুজানা।
চ্যানেল আই অনলাইন: অ্যাভারেজ আসলামের ‘বিবাহ বিভ্রাট’ নাটকের শুটিং কেমন চলছে?
সুজানা: বেশ এনজয় করছি। প্রথমবার কমেডি নাটকে অভিনয় করতে ভালো লাগছে। আর যাদের সঙ্গে কাজ করছি তারাও বেশ মজাদার মানুষ। আসলে অন্য নাটকে শুটিং করতে বোর লাগলেও এ নাটকে অভিনয় করতে একদম বোর লাগছে না।
চ্যানেল আই অনলাইন: মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে কেমন লাগছে?
সুজানা: মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অভিনয় করেছি কিন্তু কমেডি নাটকে এ প্রথম অভিনয় করলাম। মোশাররফ ভাইয়া কাজের সময় খুব সিরিয়াস কিন্তু যখন নাটকের ডায়লগ বলতে থাকে তখন বেশ মজা করে।
চ্যানেল আই অনলাইন: রোমান্টিক নাটক থেকে হঠাৎ কমেডি নাটক?
সুজানা: নাটকের গল্প ভালো হলে যেকোনো চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে। বর্তমানে রোমান্টিক নাটকে ছড়াছড়ি। একরকম গল্প, একরকম পরিবেশন। একদম একঘেয়ে লাগে। এর চেয়ে কমেডি নাটকগুলো বেশ ভালো। এবং দর্শকরা দারুণ এনজয় করে। ব্যক্তিগতভাবে আমিও হাসির নাটক পছন্দ করি। তাছাড়া সাগর জাহান খুব ভালো কমেডি নাটক নির্মাণ করেন। তার সঙ্গে কাজ করতেও খুব ভালো লেগেছে।
চ্যানেল আই অনলাইন: নাটকে আপনাকে খুব কম দেখা যায় কেন?
সুজানা: মিডিয়ার সবাই কম-বেশি জানে আমি সবসময় বেছে বেছে ভালো কাজটি করার চেষ্টা করি। আমার কাছে কাজের সংখ্যা নয়, মানটা গুরুত্বপূর্ণ। কারণ টাকার প্রয়োজনে আমি কাজ করি না। অভিনয়কে ভালোবেসে কাজ করা হয় বলে কাজের সংখ্যা অন্যান্য শিল্পীদের তুলনায় খানিকটা কম থাকে।
চ্যানেল আই অনলাইন: ঈদের জন্য কাজ করছেন?
সুজানা: আসছে ঈদের জন্য আপাতত তিনটি নাটকের শুটিং শুরু করেছি। গানচিলের ব্যানারে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করছি। এছাড়া একটি নতুন বিজ্ঞাপনে কাজ করব।
চ্যানেল আই অনলাইন: সিনেমায় দেখা যাবে কবে?
সুজানা: মাথায় কখনো আসে না সিনেমায় কাজ করব। কারণ, আমার মনে হয় সিনেমায় কাজ করার পরিবেশটা আমাদের দেশে এখনো উন্নত নয়।
তাছাড়া বাণিজ্যিক কোনো ছবিতে অভিনয় করার ইচ্ছে নেই। এমন একটি ছবিতে কাজ করতে চাই যে ছবিটি আমাকে দীর্ঘদিন দর্শকদের মনে বাঁচিয়ে রাখবে।







