কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে খালিদ হোসেইন সম্রাট। আজ ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা আব্বার জন্য দোয়া করবেন। এখন দোয়া ছাড়া কিছু করার নেই। বড়ভাই (বাপ্পারাজ) দেশের বাইরে। তার সঙ্গে কথা বলে দাফন ও অন্যান্য বিষয়ে রাতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নায়করাজ রাজ্জাক আর নেই। আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান।








