প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্দেহে আটক সালাহ আব্দেসালামকে (২৬) বিচারের মুখোমুখি করতে ফ্রান্সের কাছে হস্তান্তর করেছে বেলজিয়াম। দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গত ১৮ মার্চ নাটকীয় এক অভিযানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আহত অবস্থায় আটক করা হয় তাকে।
জাতীয়তায় ফরাসি আব্দেসালাম ব্রাসেলসেই জন্মগ্রহণ করেন এবং প্যারিস হামলার আগে সেখানেই বসবাস করতেন।
প্যারিস এলাকায় তাকে সর্বোচ্চ নিরাপত্তার নির্জন কারাবাসে রাখা হবে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী জিন-জ্যাকিউস উরভোয়াস।
গতবছরের ১৩ নভেম্বরে প্যারিসে সংঘটিত তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সেই বিভৎস হামলায় ১৩০ জন প্রাণ হারান। মারাত্মকভাবে আহত হন আরও অনেকে।







