জঙ্গিবাদ দমনে আবাসিক এলাকায় গড়ে উঠা অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ওই সকল অবৈধ বাণিজ্যিক ভবনের বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হবে।
গুলশানের আর্টিজান বেকারী এন্ড রেষ্টুরেন্টে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ দমনে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। এর অংশ হিসেবেই আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বাণিজ্যিক ও অনাবাসিক স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, আর্টিজান বেকারী এন্ড রেস্টুরেন্ট কোন প্রকার অনুমতি ছাড়াই গড়ে তোলা হয়েছিল। এ রকম অসংখ্য রেস্টুরেন্ট, হোটেল, রেস্ট হাউজসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জঙ্গি হামলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে দ্রুত উদ্যোগ নিবে সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজেদের মধ্যেই কিছু গলদ থাকায় এই সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠার সুযোগ পেয়েছে। আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্কুল, কলেজ এবং ক্লিনিকগুলো সরিয়ে নিতে কিছু সময় দেয়া হবে বলেও জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।







