নভেম্বর থেকে ভারতে আবার ম্যাগি নুডলস বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সুইস কনজিউমার জায়ান্ট নেসলে। উচ্চমাত্রায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সীসা থাকার অভিযোগে গত মে মাসে ভারতীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটিতে ম্যাগি নুডলসের উৎপাদন এবং বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে নেসলে ভারতের বাজার থেকে ম্যাগি নুডলস তুলে নিতে বাধ্য হয়। তবে এরপর গত আগস্টে মুম্বাই হাইকোর্টে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।নিষেধাজ্ঞা এবং বাজার থেকে নুডলস তুলে নেওয়ার কারণে বিক্রি কমে যাওয়া ছাড়াও ২০১৫ সালে নেসলের প্রস্তাবিত বৈশ্বিক প্রবৃদ্ধির পরিমাণে কাটছাঁট করতে হয়েছে কর্তৃপক্ষকে।
ভারতীয় উপমহাদেশে ব্যাপক জনপ্রিয় এই ম্যাগি নুডলসে ল্যাবরেটরি টেস্ট চালিয়ে কয়েকটি প্যাকেটে বিপজ্জনক মাত্রায় সীসা পাওয়া যাওয়ার পরই এর বিক্রি কমে যায়। অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ৪০ কোটি প্যাকেট নুডলস নষ্ট করে ফেলা হয়।
তবে সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নেসলে কোম্পানি জানায়, ভারতীয় আদালতের নির্দেশ অনুযায়ী নতুন ল্যাবরেটরি টেস্টে ম্যাগি নুডলসে সরকার অনুমোদিত মাত্রার চেয়েও অনেক কম মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে, যা খাওয়ার জন্য নিরাপদ।






