অনেক কাঠখড় পুড়িয়ে শেষপর্যন্ত ১৬০ মিলিয়ন ইউরোতে ফিলিপে কৌতিনহোকে দলে টেনেছে বার্সেলোনা। বিশ্বের তৃতীয় দামি ফুটবলার বানিয়ে লিভারপুলের কৌতিনহোকে ন্যু ক্যাম্পে আনে কাতালানরা। কৌতিনহোর আগে একশ মিলিয়নের বেশি দিয়ে উসমান ডেম্বেলেকেও দলে নেয় তারা। এবার ১০০ মিলিয়ন ইউরো খরচ করে আরো একজন খেলোয়াড় কিনতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
বার্সেলোনার নতুন টার্গেট ফ্রান্সের টিনেজ ডিফেন্ডার ডায়োট উপামেকানো। উসমান ডেম্বেলের স্বদেশির জন্য বার্সা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে জানাচ্ছে ফরাসি টেলিভিশন চ্যানেল টেলিফুট।
ফ্রান্সের এ তরুণ বর্তমানে খেলছেন বুন্দেসলিগার দল আরবি লেইপজিগে। জার্মান লিগে দলে প্রথম একাদশে নিয়মিতই জায়গা করে নেন উপামেকানো। কাতালানরা নির্ভরযোগ্য ডিফেন্ডার ৩১ বছরের পিকের জায়গায় বিকল্প গড়তেই তাকে দলে ভেড়াতে চাইছে।
শুধু বার্সেলোনাই নয়, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল এবং এসি মিলানও ১৯ বছরের ফরাসি তরুণ ডায়োটকে পেতে চাইছে।







