প্রায় সাড়ে চার বিলিয়ন ইউএস ডলার সম্পত্তি কমে যাওয়ার পরেও এবার নিয়ে পরপর তিনবার বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
বুধবার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস’এ প্রকাশিত ত্রিশতম এই বার্ষিক র্যাঙ্কিংয়ে সর্বশেষ ২২ বছরের মধ্যে ১৭ বার শীর্ষস্থানে থাকলেন এই মার্কিন ধনকুবের।
সম্পদের সর্বাধিক প্রবৃদ্ধিতে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও স্থান করে নিয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। এছাড়াও ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ারের তালিকাটিতে ভারতের ৮ জন নতুন করে সংযোজিত হয়েছেন।
গেটসের সম্পদের মূল্য ৭৫ বিলিয়ন ইউএস ডলার। যা গত বছরে ছিলো ৭৯.২ ইউএস ডলার। গেটসের পরেই ৬৭ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্যাশনভিত্তিক স্প্যানিশ কোম্পানি জারা’র প্রতিষ্ঠাতা আমানসিয়ো অরতেগা। এর পরে ৬০.৮ বিলিয়ন ইউএস ডলার নিয়ে রয়েছেন মার্কিন বহুজাতিক কোম্পানি বার্কশায়ার হাথাওয়ে’র সিইও ওয়ারেন বাফেট। ৫০ বিলিয়ন ইউএস ডলার নিয়ে পরের স্থানে টেলিকমের কার্লোস স্লিম। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বাজোস ৪৫.২ বিলিয়ন সম্পদ নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।
এই বছর তালিকায় যোগ হয়েছেন ১৯৮ জন বিলিয়নিয়ার, যেখানে গতবছর যোগ হয়েছিলো ২৯০ জন। নতুন যোগ হওয়াদের মধ্যে সর্বাধিক ৭০ জন চীনের নাগরিক, মার্কিন ৩৩ জন এবং জার্মানির ২৮ জন।
গত বছরের তুলনায় এবারের বিলিয়নিয়ারের তালিকা থেকে ১৬ জন কম। তালিকায় অন্তর্ভূক্তদের মোট সম্পদের পরিমাণ ৬.৪৮ ট্রিলিয়ন ইউএস ডলার। আর ২০১৫ সালের গড় সম্পদ ৩.৮৬ বিলিয়ন ডলার থেকে ২৮০ মিলিয়ন ইউএস ডলার কমে এবারের গড় ৩.৫৮ বিলিয়ন ইউএস ডলার।







