বসে ছিলেন ভিআইপি গ্যালারিতে। উত্তেজনার বসে চলে আসলেন মাঠে প্রবেশের টানেলের মুখে। তাতে সর্বনাশ হওয়ারই যোগার সার্জিও রামোসের। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ হয়ে আবারও ভিআইপি গ্যালারিতে বসে থাকতে হতে পারে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।
জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হলুদ কার্ড দেখেছিলেন রামোস। তাতে টুর্নামেন্ট জুড়ে তিন হলুদ কার্ড দেখায় দ্বিতীয় লেগে খেলতে পারেননি লস ব্লাঙ্কোস অধিনায়ক।
সেজন্য গ্যালারিতে বসে ঘরের মাঠের দ্বিতীয় লেগ দেখতে হয়েছে রামোসকে। কিন্তু ম্যাচের ৯৩ মিনিটে পেনাল্টি নিয়ে মাঠে উত্তেজনা ছড়ালে টানেলের মুখে চলে আসেন তিনি। আর উয়েফার আইন অনুযায়ী খেলার মাঠের সীমানার ধারেকাছেও আসতে পারবেন না তালিকার বাইরের কোন খেলোয়াড়। রামোস ফাঁসছেন সে আইনেই।
একই কাণ্ডে ফেঁসেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোও। ২০১৪ সালে গ্যারেথ বেল গোল করার পর সীমানা টপকে মাঠে চলে আসায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এ স্প্যানিশ সাবেক ফুটবলার।
অবশ্য পার পেলেও পেয়ে যেতে পারেন রামোস। কারণ, কাছে চলে আসলেও মাঠে পা রাখেননি রিয়াল অধিনায়ক। এ যুক্তিতে ছাড় পাওয়ার একটা সুযোগ আছে। সবকিছু নির্ভর করছে ম্যাচ রেফারি মাইকেল অলিভারের তদন্ত প্রতিবেদনের উপর। সেখানে দোষী প্রমাণিত হলে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম লেগেও বসে থাকতে হবে তাকে।








