ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের ঘোষণাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। এর পরিপ্রেক্ষিতে কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়া জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে।
একই সাথে গৃহবন্দী করা হয়েছে কংগ্রেস নেতা উসমান মজিদকে এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও গত রাতে আটক করা হয়েছে।
এমনকি বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট ও কেবল সেবা। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রীনগরে প্রবেশ ও বের হওয়ার পথে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। টুইটারে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন গৃহবন্দী নেতারা। একইসঙ্গে স্কুল, কলেজ অনির্দিষ্টকলের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান,শহর ছাড়া গ্রামীণ এলাকাগুলোতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় পুলিশ চৌকি বসানো হয়েছে।







