কলকাতায় পৌঁছে পাকিস্তান দলের অধিনায়ক শাহীদ আফ্রিদি জানিয়েছেন, ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সুপারটেন’র প্রথম দুই ম্যাচ ভালো করার উপর টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নির্ভর করছে।
বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তারা। কলকাতায় পৌঁছানো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে ১৫ খেলোয়াড় ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ ও নিরাপত্তা কর্মকর্তাসহ আছেন ২৭ জন।
রোববার মিডিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় দর্শকদের সম্পর্কে প্রশংসা ছিলো অধিনায়ক আফ্রিদি’র কণ্ঠে। তিনি বলেন, ভারতীয়দের ভালোবাসা তুলনাহীন, এমনকি নিজের দেশেও আমরা এতটা ভালোবাসা পাই না।
১৬ মার্চ সুপারটেন রাউন্ডে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সঙ্গে ম্যাচটিকে দারুণ গুরুত্ব দিয়ে আফ্রিদি বলেছেন, বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। টুর্নামেন্টে শুভ সূচনার জন্য আমাদের এই ম্যাচে ভালো করা দরকার।
সোমবার ইডেন গার্ডেন্সে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে পাকিস্তানিরা । একই মাঠে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ।







