আফসোসটা আরেক দফা বাড়ালেন লংকান ব্যাটিং সেনসেশন কুমার সাঙ্গাকারা। আজ কেনিংটন ওভালে ১৬৬ রানের ধ্রুপদী ইনিংস উপহার দিয়েছেন সুপার-সাঙ্গা।
ভ্রুতে ভাঁজ পড়ারই কথা। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই লংকান এখনও চালিয়ে যাচ্ছেন কাউন্টি ক্রিকেট। সেই সাথে মুগ্ধ করে চলেছেন ক্রিকেট প্রেমিদের।
কেনিংটন ওভালে নটিংহামশায়ারের বিপক্ষে খেললেন ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। সারের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে এটি চতুর্থ সর্বোচ্চ রান। গত ছয় বছরে দলটির হয়ে এটাই সর্বোচ্চ। সাঙ্গার সেঞ্চুরিতে সারে নির্ধারিত ৫০ ওভারে করল ৫ উইকেটে ৩০০।
শ্রীলংকান এই ব্যাটিং কিংবদন্তীর পুরো ইনিংসটি ছিলো দেখার মতো। ফিফটি এসেছে ৫৫ বলে। সেঞ্চুরি পৌঁছাতে লেগেছে আরো মাত্র ৪৮ বল।
সেঞ্চুরির পথে চার মেরেছেন মাত্র ছটি আর ছয় একটি। তবে এরপরই আরও বিধ্বংসী হয়ে ওঠেন লংকান এ ব্যাটিং দানব। পরের ৫০ এসেছে মাত্র ২৯ বলে।
সাঙ্গাকারার এই ইনিংসে লংকান ক্রিকেট ভক্তদের আক্ষেপটা আরও বাড়িয়ে দিয়েছে। কেননা, সাঙ্গা জীবনের ৩৭টি বসন্ত পার করে আসলেও শেষ বেলায়ও ছিলেন ফর্মের তুঙ্গে।







