সিরিয়ার আফরিনে সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
এ হামলায় ৩৬ জন সিরীয় সেনা নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানায়, আফরিনের কারফ জিনা এলাকায় একটি ঘাঁটিতে তুর্কি বাহিনী বিমান হামলা চালায়।
কুর্দি ওয়াইপিজি মিলিটারির যোদ্ধাদের সাহায্য করতে আফরিনে প্রবেশ করে সরকারি বাহিনী। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের উপর এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালায় তুরস্ক।
সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে তুরস্কের সীমান্তবর্তী আফরিন শহর থেকে নির্মূল করতেই ২০ জানুয়ারি থেকে আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে অভিযান চালাচ্ছে দেশটি।
এর আগে গত বৃহস্পতিবার আফরিন শহরের উত্তর অংশে হামলায় তুরস্কের ৮ সেনা নিহত হয় বলে জানায় সেনাবাহিনী। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় ১৩ জন সেনা সদস্য।
চলতি বছর জানুয়ারিতে চলা অভিযানের মধ্যে বৃহস্পতিবার হামলাটি ছিল তুর্কি সৈন্যদের জন্য সবচেয়ে রক্তাক্ত দিন। এর আগে ওই দিনই আফরিনের উত্তরপূর্বাঞ্চলের শেখ হারুজ এলাকায় কুর্দি বিদ্রোহীরা তুরস্কের একটি ট্যাংকে হামলা চালায়।
এতে পাঁচ সেনা সদস্য নিহত হয়। এছাড়া পৃথক হামলায় আফরিনে তিন তুর্কি সেনা নিহত হয়।
শনিবার সরকারি বাহিনীর ওপর হামলাটি বৃহস্পতিবারের হামলার জবাবেই করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







