আপনার ভোট আপনার শক্তি: প্রিয়াঙ্কা গান্ধী

দায়িত্ব গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে প্রথম সভা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন মোদির রাজ্যে মোদিকেই আক্রমণ করেছেন তিনি।
মঙ্গলবার আহমেদাবাদের গান্ধীনগরে জনসভায় জনতার উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন: ভাবুন এবং সিদ্ধান্ত নিন, যারা আপনাদের সামনে বড় বড় কথা বলেন, তাদের কাজের পরিচয় কোথায়, কী করেছেন তারা, যা অঙ্গীকার করেছিলেন? প্রত্যেক নাগরিকের ব্যাংকে ১৫ লাখ টাকার প্রতিশ্রুতির কী হলো? কী হলো নারী নিরাপত্তা নিয়ে দেয়া প্রতিশ্রুতির?
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এপ্রিল-মে’র জাতিয় নির্বাচন নিয়ে তিনি বলেন: এই নির্বাচন স্বাধীনতা আন্দোলন ছাড়া আর কিছু নয়, আপনার ভোট আপনার শক্তি, আপনার সিদ্ধান্ত আপনার শক্তি। সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক জবাব চান।
প্রিয়াঙ্কা বলেন: আগামী দুই মাস আমরা সবকিছু জানতে চাইবো। সঠিক জবাব চান, এ দেশ আপনাদের, আপনাদেরই তা রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন: ভালোবাসা এবং ভাতৃত্ববোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই দেশ। এটা দুঃখজনক যে, বিগত দিনগুলোতে দেশে কী হয়েছে। সচেতনতার চেয়ে বড় দেশপ্রেম আর নেই। সচেতনতা একটি হাতিয়ার, আপনার ভোট একটি হাতিয়ার। এটি এমন এক হাতিয়ার যা কাউকে আঘাত করবে না। এটি এমন এক হাতিয়ার যা আপনাদের শক্তিশালী করবে।
জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ (সংযুক্ত প্রগতিশীল মোর্চা) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।
গত জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশ রাজ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়।








