অন্যান্য

আনসারুল্লাহর নামে অন্য কেউ

আনসারুল্লাহর নামে অন্য কেউ

কোনো জঙ্গি গোষ্ঠী নয়, বিশিষ্ট নাগরিকদের মনে ভীতি ছড়াতে স্বার্থান্বেষী মহল আনসারুউল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে হুমকি পাঠাচ্ছে গোয়েন্দাদের ধারণা। ডিএমপির মুখপাত্র বলেছেন, আগাম হুমকি দিয়ে কোনো হত্যা ঘটনার নজির আনসারুউল্লাহ বাংলা টিমের নেই।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ অা স ম আরেফিন সিদ্দিক, ডক্টর জাফর ইকবাল ও ডাক্তার ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট নাগরিককে হুমকি দেওয়ার ৭ দিনের মধ্যেই সাবেক উপাচার্য আনোয়ার হোসেনসহ আটজনকে হত্যার হুমকি আসে আনসারুউল্লাহ বাংলা টিমের নামে।

হুমকির ঘটনায় জিডি হওয়ার পর আদালতের অনুমতি নিয়ে এসব হুমকির তদন্ত শুরু করে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলত এই বিশিষ্ট নাগরিকদের ভয়-ভীতি দেখাতে ওই হুমকি পত্রটি দিয়েছিলো। ডিবি পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে দেখেছে যে আল কায়েদার নামে পাঠানো হলেও ওই সংগঠনের সঙ্গে হুমকি বা চিঠির কোনো সম্পৃক্ততা তারা এখনও পর্যন্ত খুঁজে পায়নি।

এরই মধ্যে মঙ্গলবার আবারও ২৫ নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি আসে ডাকযোগে। তালিকায় রয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং রামেন্দু মজুমদার। এবারও তদন্ত করতে আদালতের অনুমতি চেয়েছে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার আরো বলেন, আনসারুল্লাহ বাংলা টিম ইতিপূর্বে যাদেরকে হত্যা করেছে; নিজেদের মধ্যে আলোচনার পর তালিকা তৈরি করে হত্যা করেছে। কিন্তু কোনো ব্যক্তিকে সরাসরি চিঠি পাঠিয়ে হুমকি দেয়নি।

গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জিডির তদন্তভার ডিবিকে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে ডিএমপি সদর দফতর।

ইতোমধ্যেই হুমকির চিঠি পাওয়া বিশিষ্ট নাগরিকদের জন্য নিরাপত্তা উদ্যোগও নেওয়া হয়েছে।

বিষয়:আনসারউল্লাহ বাংলা টিম আনসারুল্লাহ বাংলাটিম দশ বিশিষ্ট নাগরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…