ঢাকা বিশ্ববিদ্যালয় হল, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সমাধানে অবদান রাখবে অ্যালামনিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জানান, শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে দ্রুতই তারা পদক্ষেপ নেবেন।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝলমলে আয়োজন। সিনেট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে আলোচনায় স্বনামখ্যাত বিশ্ববিবিদ্যালয়ের কয়েকজন প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন,যেসব শিক্ষার্থীদের টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের কিভাবে বৃত্তির মাধ্যমে পড়াশোনা করানো যায় সেই কাজটি আমরা সবাই মিলে করতে পারি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে দ্রুতই পদক্ষেপ নিচ্ছেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি শাইখ সিরাজ বলেন, আগামী ২০২১’এ ঢাকা বিশ্ববিদ্যালয় শততমবর্ষ উদযাপন করবে। এ সময়কে সামনে রেখে অ্যালামনাই এসোসিয়েশন দৃশ্যত কিছু কর্মকাণ্ড করতে চায় যেগুলো সত্যি সত্যি ২০২১’র আগে দৃশ্যমান হবে। তবে সবার অংশগ্রহণ না থাকলে কাজটি করা বেশ কঠিন হবে।
সত্যানুসন্ধানে বিশ্ববিদ্যালয়কে আরো বেশি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা বশ্বিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছেলে-মেয়েরা ভর্তি হচ্ছে তাদের প্রত্যেকের মাঝে অপার সম্ভাবনা। পৃথিবী জুড়ে তারাই মেধা কাজে লাগিয়ে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বৈকালিক আয়োজেন স্মৃতি রোমন্থন আর আনন্দ আড্ডায় মাতেন অ্যালামনিরা।







