গ্রেনেড হামলা মামলার আসামিদের গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর ১ ও ২নং কারাগার থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়েছে।
গাজীপুর হাই সিকিউরিটি কারাগার ও কাশিমপুরের কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত) এর জেল সুপার সুব্রত কুমার বালা চ্যানেল আই অনলাইনকে জানান, কারাগারে ১ ও ২- এর থাকা ১৪ আসামিদের মধ্যে লুৎফজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে জেল সুপার শাহজাহান আহমেদ জানান, হাইসিকিউরিটিতে থাকা ১৭জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, গ্রেনেড হামলা মামলার আসামিদের গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর ১ ও ২নং কারাগার রাখা হয়েছে। তাই মঙ্গলবার রাত থেকেই এ তিন কারাগারে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
বুধবার ভোরে গ্রেনেড হামলা মামলার আসামিদের গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর ১ ও ২নং কারাগার থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়েছে।
আসামিদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে-পেছনেও থাকছে বাড়তি নিরাপত্তা। আসামিদের আনা-নেয়া নির্বিঘ্ন করতে কারা কর্তৃপক্ষ এবং পুলিশের সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন ঘোষণা করবেন।







