বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদের বাড়ি সর্বোচ্চ আদালতের নির্দেশে ছাড়তে হয়েছে, এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়া ও মওদুদ অবৈধভাবে বাড়িতে ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর যেসব সংস্থা রায় বাস্তবায়ন করার কথা, সেসব সংস্থা সে রায় বাস্তবায়ন করেছে। এসবের সাথে সরকারের কোন সম্পর্ক নেই।
বিএনপির ভূমিকা সমালোচনা করে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশে শেখ হাসিনার বাসভবন গণভবন এবং শেখ রেহানার বাড়ি বাতিল করেছিল। কিন্তু মওদুদ ও খালেদা জিয়া সর্বোচ্চ আদালতের নির্দেশে বাড়ি ছাড়া হয়েছেন।
এসময় মন্ত্রী জানান, আসন্ন রমজানের ঈদে মানুষের চলাচল নির্বিঘ্নে করতে সড়ক মহাসড়কে আনসার, পুলিশসহ কমিউনিটি পুলিশ কাজ করবে।








