আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।
রোববারের এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি।
আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য চলতি মাস থেকেই ভোটার তালিকা তৈরি ও হালনাগাদের কাজ শুরু হয় আফগানিস্তানে।
নিবন্ধন কেন্দ্রটির প্রবেশ পথে ভোটার হিসেবে নিবন্ধিত হতে আসা অপেক্ষমান লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়।
জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাক-এর মাধ্যমে ওই হামলার দায় শিকার করেছে।
আমাকের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী পশ্চিম কাবুলের দাশতে বারচি এলাকায় ভোটারদের ভিড়কে লক্ষ্য করেই বিস্ফোরক বেল্ট পরে এগিয়ে গিয়েছিল।
ভোটার নিবন্ধন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে বিভিন্ন নিবন্ধন কেন্দ্রে অন্তত চারটি হামলা হলো।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি’কে এর আগে বলেছিলেন, তালেবান এবং আইএস নির্বাচনের আগে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কানি দিতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাধারণ মানুষকেই টার্গেট করবে।
কিন্তু আগে থেকে সরকার আশঙ্কা করার পরও দেশটিতে নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট কঠোর ব্যবস্থা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন অনেকেই।








