সাবেক ওয়ানডে অধিনায়ক আজহার আলিকে বাদ দিয়ে এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল।
১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ। আসরকে সামনে রেখে নির্বাচক কমিটির সঙ্গে বসে দল বাছাই করেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রধান কোচ মিকি আর্থার।
আজহারের জায়গায় ফিরেছেন আরেক ওপেনার শান মাসুদ। জায়গা হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমেরও। প্রায় এক বছর ধরে দলের বাইরে ছিলেন এ দুই ক্রিকেটার।
৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলবে দলটির অনুশীলন ক্যাম্প। ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানিদের এশিয়া কাপ মিশন।
এশিয়া কাপের পাকিস্তান দল
ফখর জামান, ইমাম-উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ(অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, উসমান খান শেনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ।







