আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে আবেগে ভাসছে বার্সেলোনার ফুটবলার, কর্মকর্তা ও সমর্থকরা। তার মধ্যে রোববার ২৫তম লা লিগা ঘরে তোলার সামনে দাঁড়িয়ে আর্নেস্তো ভালভার্দের দল। খেতাব জয়ের ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মাঠে নামবে কাতালানরা।
লিগের ১৮ নম্বরে থাকা দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা। লা করুনার কোচ ক্লারেন্স সিডর্ফ লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বার্সেলোনার দরকার আর একটি মাত্র পয়েন্ট। করুনার মাঠ আবানকা রিয়াজোরে ড্র করলেই লা লিগা জিতবে বিদায়ী ইনিয়েস্তার দল।
শনিবার রাতে লেগানেসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে রোববার বার্সার আগে মাঠে নামবে রাজধানীর আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে অ্যাটলেটিকো যদি না জিততে পারে, তাহলে এমনিতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৩। লেগাসেনের বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালের ছিল ৬৮। পরে ম্যাচ জিতে ৩৪ ম্যাচে তাদের হয়েছে ৭১। দুই নম্বরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৪ ম্যাচে ৭২।
বার্সার করুনা ম্যাচের পর প্রত্যেক দলের ম্যাচ বাকি থাকবে চারটি করে। সে হিসেবে রোববার বার্সা ড্র করলে তাদের পয়েন্ট হবে ৮৪। এরপর বার্সা যদি বাকি চার ম্যাচে হারে এবং রিয়াল-অ্যাটলেটিকো সব ম্যাচে জিতে; তবুও এক পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে মেসি-ইনিয়েস্তা-সুয়ারেজরা। আর অ্যাটলেটিকো যদি আলাভেসের বিপক্ষে না জিততে পারে তাহলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।
কাতালানাদের সামনে আরো একটি রেকর্ড গড়ার সুযোগ। লা করুনার এই ম্যাচসহ বাকি চারটা ম্যাচ জিততে পারলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে তারা। লা লিগার ইতিহাসে এই রেকর্ড এখনো হয়নি।
রোববারের ম্যাচে আকর্ষণের কেন্দ্রে অবশ্যই ইনিয়েস্তা। শুক্রবারই এক ঘোষণায় জানিয়েছেন, চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন তিনি। রোববার বার্সা চ্যাম্পিয়ন হলে ক্যারিয়ারের নবম লা লিগা শিরোপা উঠবে ইনিয়েস্তার ঘরে। ক্লাবের ২৫ শিরোপার মধ্য ৯টিতেই ইনিয়েস্তা খেলেছেন।
১৩ বছর আগে প্রথম লা লিগা শিরোপা জিতেছিলেন ইনিয়েস্তা। আজ দুদলের খেলোয়াড়দের কাছ থেকেই অভ্যর্থণা পাবেন তিনি। এমনিতেই লা করুনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে প্রবেশের সময় বার্সাকে গার্ড অব অনার দেবে তারা। কোপা ডেল রে জেতার পর প্রথম মাঠে নামছে ভালভার্দের দল। সেই জন্যই এই সম্মান। তার সঙ্গে ইনিয়েস্তার জন্য আবেগে ভাসতে পারেন স্প্যানিশ জনতা।







