নৈতিক সমর্থনের পর এবার ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার দুপুরে এই ঘোষণা দেবেন তিনি। সেখানে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ঘোষণার জন্য এরই মধ্যে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ের সামনের ফুটপাতে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন কাদের সিদ্দিকী।
মতিঝিলে কৃষক শ্রমিক জনতালীগের কার্যালয়ে এ বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত আছেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গত ৩১ অক্টোবর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টকে নৈতিক সমর্থনের কথা জানান। তবে সরাসরি যোগ দিতে কয়েকটা দিন সময় চান।
ওই দিন ঐক্যফ্রন্টের নেতাদের সম্মানে নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেন বঙ্গবীর হিসেবে সুপরিচিত সাবেক এ আওয়ামী লীগ নেতা।
দীর্ঘ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থাকা কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে দল ত্যাগ করেন। এরপর কৃষক-শ্রমিক-জনতা লীগ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন।
গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।
এরই মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্যে আন্দোলন করছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সম্প্রতি এ জোট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়ে সংলাপে অংশ নেন।
গত বৃহস্পতিবার গণভবনে সেই সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি। আন্দোলন চলবে।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়েছে।







