মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়তে ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ রায় দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখে আগের দিন দেওয়া আপিল বিভাগের আদেশের সংক্ষিপ্ত রায়ের কপি চেয়ে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির দৃষ্টি আর্কষণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ সময় প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ওই আদেশের সংক্ষিপ্ত রায় নয়, পূর্ণাঙ্গ রায়ই দেওয়া হবে। সেটা খুব দ্রুতই দেওয়া হবে।
এরপর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আমরা ধারণা করছি খুব শিগগিরই ওই আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হবে।
বুধবার দেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ডাদেশের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে তাদের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বেঞ্চ।
মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয় গতকাল (সোমবার)। আর সাকা চৌধুরীর রিভিউ শুনানি হয় বুধবার। দুই দিনে শুনানি হলেও রায় হলো একই দিন রায় দেওয়া হয়।
আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।






