চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে জিতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। যদিও ২-১ ব্যবধানে জেতা ম্যাচে খেলা দিয়ে মন ভরাতে পারেনি তারা। উল্টো গোল মিসের মহড়া দিয়ে ম্যাচ হেরেছে বায়ার্ন। তাই ফিরতি লেগে মরণকামড় দিতে পারেন বাভারিয়ানরা। তবে দ্বিতীয় লেগের আগে জিদান বলছেন, আগে যা করেনি বায়ার্নের বিপক্ষে তাই করবে রিয়াল।
শনিবার লা লিগায় লেগানেসের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেন জিনেদিন জিদান। ম্যাচে ঘাম ঝরিয়ে ২-১ গোলে জেতে রিয়াল। নিজেরা এগিয়ে থাকলেও বায়ার্ন সম্পর্কে যথেষ্ট সচেতন গ্যালাকটিকো কোচ, ‘আমি আপনাদের বলতে পারি যে, তারা (বায়ার্ন) কোনো রকম জটিলতা ছাড়াই আসবে। আমরা একটি বিশাল ম্যাচে অংশ নিতে যাচ্ছি।’
ফাইনালের ওঠার ম্যাচ নিয়ে শিষ্যদের কী পরামর্শ দিয়েছেন তা উল্লেখ করে ফরাসি কিংবদন্তি বলেন, ‘আমি ছেলেদের বলেছি, তোমরা এমন খেলা খেল; যা নিজেদের ইতিহাসে কখনো খেলোনি। কারণ ফাইনালে যেতে হলে এটাই করতে হবে।’
‘আমি জানি না, জুভেন্টাসের বিরুদ্ধে আমাদের কি ঘটেছিল (কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩ গোল দিয়েছিল জুভরা, পরে পেনাল্টি গোলে শেষ চার নিশ্চিত হয় রিয়ালের) । তবে বায়ার্ন গত বছর আমাদের ফাইনালে যেতে সাহায্য করেছিল। বিশাল ম্যাচে আমাদের সর্বোচ্চ সম্ভব ভালো খেলতে হবে। আমরা প্রস্তুত, আমাদের দৃঢ়তাও কঠিন। বছরের সেরা খেলাটাই আমরা খেলব।’,-যোগ করেন জিদান।







