লিগ শিরোপা ঘরে তুলতে হলে জিততে হবে সব ম্যাচ। পা হড়কানো চলবে না। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সামনে এখন এটাই সমীকরণ। শুক্রবার হার্ডাসফিল্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানসিটির দিকে বন্দুক তাক করে রেখেছিল লিভারপুল। সেই চাপ মাথায় নিয়ে সার্জিও আগুয়েরোর গোলে শিরোপার পথে আরও এগিয়ে গেল পেপ গার্দিওলার দল!
রোববার বার্নলির বিপক্ষে ম্যানসিটির বিপক্ষে অতিগুরুত্বপূর্ণ জয়টি ১-০ গোলের। এখন বাকি দুই ম্যাচ জিততে পারলেই কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে উঠবে সিটিজেনদের। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯২। সমান ম্যাচে এক পয়েন্ট ব্যবধানে পিছিয়ে লিভারপুল।
পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা বার্নলির মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ম্যানসিটিকে। বলের দখল কিংবা আক্রমণে এগিয়ে থাকা সত্ত্বেও স্বাগতিকদের রক্ষণে বারবার মার খেয়ে যাচ্ছিল আগুয়েরো-স্টার্লিং-লেরয় সানেকে নিয়ে মাঠে নামা সিটিজেনদের আক্রমণভাগ। বরং হঠাত আক্রমণে গোলের সুযোগ বানাতে এগিয়ে ছিল বার্নলিই।
দ্বিতীয়ার্ধে এসে ভাগ্য সহায় হয় ম্যানসিটির। বের্নার্দো সিলভার দুরন্ত এক পাসে ৬৩ মিনিটে বার্নলি রক্ষণ দুর্গ ভেঙ্গে দেন আগুয়েরো। পূর্ণ করেন চলতি লিগে নিজের ২০তম গোল।
বার্নলির বিপক্ষে গোল করে এক অভিজাত ক্লাবে স্থান পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই তালিকায় তার সঙ্গী কেবল আর্সেনাল গ্রেট থিয়েরে অঁরি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ মৌসুমে বিশ গোলের কীর্তি আছে কেবল এই দুই ফুটবলারেরই।
এর আগে সন্ধ্যায় লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। এ নিয়ে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল গানাররা। পয়েন্ট টেবিলের তিন থেকে নেমে ছয়ে অবস্থান তাদের। শেষ দুই ম্যাচের একটিতে হারলে সামনের মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ না মিলতে পারে উনাই এমেরির দলের।









