সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন: জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মাণাধীন কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের কাজ ইতিমধ্যে ৩০ ভাগ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।
শনিবার কক্সবাজার শহর সংলগ্ন খুরুশকুল এলাকার বাঁকখালী নদীর কিনারায় বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। দুপুর ১২ টার দিকে সেনাপ্রধান খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পর সার্বিক চিত্র তোলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাসুদুর রহমান।
এসময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বন্দর সম্প্রসারণের কারণে কক্সবাজার শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকায় আশ্রয় নেয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩শ’ ৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী ভাবে মাথা গোঁজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮শ ৮ টি পরিবার।
প্রকল্পে থাকবে ১৩৯ টি পাঁচতলা ভবন, যার মধ্যে তৈরি হওয়া ২০ টি ভবনে ৬০০ পরিবারকে ২০২০ সালে বুঝিয়ে দেয়া হয়েছে একটি করে ফ্ল্যাট। আজ শনিবার বাকি ১১৯ টি ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।







