স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে সরাসরি জড়িত এবং নেপথ্য মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে সারাদেশে আবারো অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
১ জুলাই রাতে গুলশানের আর্টিজান বেকারি এন্ড রেষ্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশী নাগরিক, ৩ বাংলাদেশী এবং দুই পুলিশ কর্মকর্তা। পরে কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি। এর কয়েকদিনের মাথায় ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত হন ২ পুলিশসহ ৩ জন। সেখানেও পুলিশের গুলিতে ১ জঙ্গি নিহত হয়।
শুধু সরাসরি হামলাকারীরা নয়, নেপথ্যে কারা কারা জড়িত তার তদন্তও শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কোন আপোস করবে না সরকার।
কয়েকদিন আগে বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার যে প্রস্তাব দিয়েছেন, সেই বিষয়গুলো যাচাই বাছাই করছে সরকার।







