আইসিসির ওয়ানডে র্যাংঙ্কিংয়ে যুক্ত হয়েছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস এবং নেপাল। জুনের এক তারিখ থেকে তাদের অংশগ্রহণ কার্যকর হবে।
স্কটল্যান্ড ১৩তম স্থানে এবং ১৪তম স্থানে আরব আমিরাত। নেপাল এবং নেদারল্যান্ডসের কে কোন স্থানে যাবে, সেটি চূড়ান্ত হবে দুই দল আরো চারটি করে ম্যাচ খেলার পরে।
এই চার দলের কারণে র্যাংঙ্কিংয়ে থাকা আগের ১২ দলের পয়েন্টে কোনো হেরফের হচ্ছে না।
নেদারল্যান্ডস ওডিআই স্ট্যাটাস পায় গত বছর, আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ জেতার পর। স্কটল্যান্ড, নেপাল এবং আমিরাত বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে থাকার কারণে একদিনের ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে।
এই চার দল এখন থেকে আগের ১২ দলের সঙ্গে কোনো ম্যাচ খেললে সেটি র্যাংঙ্কিংয়ে প্রভাব ফেলবে।
এই দলগুলোর র্যাংঙ্কিং বিবেচনা করতে ২০১৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলো হিসাবে নেওয়া হয়েছে। ২০১৫ সালের মে থেকে ২০১৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তারা যতো ম্যাচ খেলেছে তার থেকে ৫০ শতাংশ পয়েন্ট নেয়া হয়েছে। আর ২০১৭ সালের ১ মে’র পর থেকে খেলা সব ম্যাচের শতভাগ পয়েন্ট যোগ হয়েছে।
আইসিসির বর্তমান র্যাংঙ্কিং: ১. ইংল্যান্ড (১২৫ পয়েন্ট), ২. ভারত (১২২), ৩. সাউথ আফ্রিকা (১১৩), ৪. নিউজিল্যান্ড (১১২), ৫. অস্ট্রেলিয়া (১০৪), ৬. পাকিস্তান (১০২), ৭. বাংলাদেশ (৯৩), ৮. শ্রীলঙ্কা (৭৭), ৯. ওয়েস্ট ইন্ডিজ (৬৯), ১০. আফগানিস্তান (৬৩), ১১. জিম্বাবুয়ে (৫৫), ১২. আয়ারল্যান্ড (৩৮), ১৩. স্কটল্যান্ড (২৮), ১৪. সংযুক্ত আরব আমিরাত (১৮)।








